খুলনা ক্রীড়া সংস্থার ১৪ নির্বাহী সদস্যের পদত্যাগ
সাধারণ সম্পাদকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির ১৪ সদস্য পদত্যাগ করেছেন।
শনিবার বেলা সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।
এরা হলেন ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আজমল আহমেদ তপন, শেখ মো. আসলাম, সৈয়দ জাহিদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, সহ-সম্পাদক একরামুল কবির মিল্টন, কোষাধ্যক্ষ মো. ইউসুফ আলী, সদস্য কাজী নাসিবুল হাসান সানু, মো. আফজালুর রহমান, অদিলুজ্জামান, তরিকুল ইসলাম ছোটন, মোল্লা খায়রুল ইসলাম, আহমেদুল কবির চাইনিজ, আজিজা খানম এলিজা ও সেলিমা আজিজ।
জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত এই কার্যনির্বাহী কমিটির মোট সদস্য ২২ জন। ১৪জন পদত্যাগ করায় বাকি রইলেন আট জন।
সংবাদ সম্মেলনে সহ-সভাপতি আজমল আহমেদ তপন অভিযোগ করেন, ২০০৮ সালের নির্বাচনের পর থেকে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসানের স্বেচ্ছাচারিতা ও একগুয়েমির কারণে খুলনার ক্রীড়াঙ্গন জীর্ণদশায় পড়েছে। ক্রীড়া গঠনতন্ত্রকে উপেক্ষা করে তিনি সংস্থাটি পরিচালনা করছেন। যার ফলে কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা ব্যথিত।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সভা প্রতিবছরে একবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দীর্ঘ ৫ বছর তা হয়নি। বিভিন্ন ফেডারেশনের নির্বাচনের জন্য প্রতিনিধি পাঠানো, বিভিন্ন দলের ম্যানেজার ও কোচ নিয়োগে কমিটির সিদ্ধান্ত না নিয়ে তিনি একাই সিদ্ধান্ত নিয়ে পছন্দমত লোক নিয়োগ করে থাকেন বলেও অভিযোগ করেন।
সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো স্বেচ্ছাচারী আচরণ করেননি। নিয়মতান্ত্রিকভাবে ক্রীড়া সংস্থা পরিচালনা করে আসছেন।
কোচ নিয়োগের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে তিনি বলেন, কোচ নিয়োগ কমিটির চেয়ারম্যান হচ্ছেন সহ-সভাপতি আজমল আহমেদ তপন।
দুএকদিনের মধ্যে নির্বাচনী তফশীল ঘোষণা করা হবে জানিয়ে তিনি পাল্টা অভিযোগ করেন, আসন্ন নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব অপপ্রচার চালানো হচ্ছে।
