২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দেবেন বাকৃবি’র ভিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিতে নিহত শিশুর পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 12:31 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শনিবার দুপুরে ভিসির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক রফিকুল হক ঘটনার দিন পুলিশ অসহযোগিতা করে বলেও অভিযোগ করেন।

উপাচার্য নিহত শিশু রাব্বির পরিবারকে নগদ দুই লাখ টাকা ও তার পরিবারের এক সদস্যকে চাকরি দেয়ার আশ্বাস দেন।

অধ্যাপক রফিকুল হক বলেন, “ঘটনার দিন অনুরোধ করেও আমি স্থানীয় পুলিশ প্রশাসনের কাছ থেকে কোন সহযোগিতা পাইনি। বিষয়টি খুবই দুঃখজনক।”

ওই সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রলীগ বাকৃবি শাখার ২৪ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে অচিরেই ক্যাম্পাস খুলে দেয়া হবে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৯ জানুয়ারি ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শামসুদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়।

ওই সময় গুলিতে বিশ্ববিদ্যালয়ের পাশের বয়রা এলাকার দুলাল মিয়ার ছেলে রাব্বি (১০) নিহত হয়।

পরে সন্ধ্যায় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।