আগুনে ৭ পোশাককর্মী নিহত
রাজধানীর মোহাম্মদপুরে ‘স্মার্ট’ নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডে সাতজন পোশাককর্মী নিহত হয়েছেন।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে বেড়িবাঁধ এলাকার ওই কারখানায় আগুন লাগে।
অগ্নিনির্বাপক বাহিনী বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছেন।
অগ্নিকাণ্ডে আহত এক শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। অন্য পাঁচজন মারা যান শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে।
দ্বিতল একটি ভবনের নিচতলায় দোকান এবং দোতলায় ওই গার্মেন্টস কারখানা। আগুন লাগার পর নামার সময় হুড়োহুড়িতে নিহতরা পদদলিত হন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৩টার দিকে জোসনা ও লিজা নামে দুই পোশাককর্মীকে হাসপাতালে আনলে চিকিৎসক জোসনাকে মৃত ঘোষণা করেন।
লিজা চিকিৎসাধীন বলে তিনি জানান।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচজন নারী শ্রমিককে শিকদার মেডিকেলে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তারা হলেন, নাসিমা বেগম (১৮), নাসিমা আক্তার (১৭), কুহিনুর আক্তার (১৬), ফাতেমা আক্তার (১৭) ও নাজিয়া আক্তার (১৭)।
এছাড়া শিকদার মেডিকেলে আরো চার শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি আজিজ।
এদিকে সন্ধ্যার দিকে লাইজু আক্তার (১৭)নামে আরেক শ্রমিকের লাশ তার বাসা থেকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
ওসি জানিয়েছেন, আহত অবস্থায় লাইজুকে তার স্বজনরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তারা লাশ মোহাম্মদপুরের বাসায় নিয়ে গিয়েছিল।
পোশাক কারখানাটির শ্রমিক মামতাজ বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন লাগার আগে তিনি ফিনিশিং সেকশনে কাজ করছিলেন। আয়রন সেকশন থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে তিনি শুনেছেন।
ওই কারখানায় প্রায় সাড়ে তিনশত শ্রমিক কাজ করে জানিয়ে তিনি বলেন, লাঞ্চের পর পর আগুন লাগায় কারখানায় শ্রমিক সংখ্যা কম ছিল।
কারখানার নিরাপত্তাকর্মী ফরিদ আলম পুলিশকে জানিয়েছেন, শুক্রবার ওই কারখানার বয়লার নষ্ট হয়ে যাওয়ার পর ঠিক করা হয়। শনিবার ওই বয়লার থেকে আগুন লাগতে তিনি দেখেছেন।
এদিকে কারখানাটি বিজিএমইএ’র কাছ থেকে কোনো অনুমোদন নেয়নি বলে জানিয়েছেন বিজেএমইএ ক্রাইসিস ম্যানেজমেন্টের প্রধান মনছুর খালেদ।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খান্দকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, নিহত স্বজনদের বিশ হাজার টাকা এবং আহতদের দশ হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন দাবি করে কারখানায় এলাকায় বিক্ষোভ মিছিল করে শ্রমিক ও ‘নিখোঁজদের’ স্বজনরা।
নুরুল ইসলাম জানান, নিহতের স্বজনদের দাবির কারণে ময়নাতদন্ত ছাড়া লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
