২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেঁচে আছি এটাই সান্ত্বনা’

‘আগুনের কথা শুইন্নাই দৌড় দিলাম। তয় মাইনষের লগে পাল্লা দিয়া আর পারলাম কই। এক সময় পইরা গেলাম। কি কমু, কতজন যে আমার শইলে পারা দিয়া পার হইছে। মনে হইতাছিল জীবন বুজি গেল।’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গোলাম মুজতবা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 06:19 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

রাজধানীর মোহাম্মদপুরে ‘স্মার্ট’ গার্মেন্টসে আগুনে পদদলিত হয়েও বেঁচে যাওয়া আহত শ্রমিক সুরমা এতটুকু বলতেই যেন দম হারিয়ে ফেললেন। তখনো মৃত্যুকে খুব কাছ থেকে দেখার ভয়, আতঙ্ক চোখে-মুখে।

বিজিএমইএ’র এই ‘অনুমোদনহীন’ কারখানাটিতে শনিবার আগুনে সাত জনের মৃত্যু হয়, যাদের সবাই পদদলিত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহতদের প্রায় সবারই স্থান হয়েছে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা নিয়ে কেউবা ফিরে গেছেন নিজেদের বস্তিতে।  

গার্মেন্টস শ্রমিক সুরমা আক্তারের স্বামী রাসেল জানান, এক বছরও হয়নি তাদের বিয়ে হয়েছে। আগুন লাগার খবর পেয়েই তার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।

“তারপর কয়েকজন মিলে সুরমাকে বাড়ি পৌঁছে দেয়। সুরমার শরীরে পা দিয়ে প্রায় দুইশ লোক জীবন বাঁচিয়েছে। এক ঘণ্টা সে মাটিতে পড়ে ছিল। সেজন্য ওর সারা শরীরে ব্যাথা।”

তবে সে বেঁচে আছে এটাই স্বামী রাসেলের সান্ত্বনা।
 

গতবছরের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশন্স নামে একটি পোশাক কারখানায় আগুনে অন্তত ১১১ জন নিহত হয়েছিলেন। তবে তাদের প্রায় সবাই মারা যান আগুনে পুড়ে। এরপর থেকেই বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরা আগুন আতঙ্কে রয়েছেন।

পদদলিত হবার পর খেকেই কথা বলতে পারছেনা না শ্রমিক রোজিনা। ওয়ার্ডের দায়িত্বরত সেবিকা ফারিয়া জানান, শরীরে আগুনের তাপ, মাথায় প্রচণ্ড আঘাত নিয়ে রোজিনা কথা বলতে পারছে না।

রোজিনাকে দেখতে আসা তার শ্বশুর আবদুল আজিজ আক্ষেপ করে বলেন, মেয়েটা গুরুতর আঘাত পেয়েছে।

তবে সে যে বেঁচে আছে, এটাই অনেক বড় পাওয়া।   

এদিকে আহত শ্রমিক রিমার পাশে হাত ধরে বসে আছেন একই গার্মেন্টস কর্মী ও বড় বোন লিজা। রিমার হাতে স্যালাইন আর ব্যাথানাশক ইনজেকশন দেয়ায় সে ঘুমাচ্ছিল।

লিজা বলেন, আগুন লাগার সময় আমিও সেখানে ছিলাম। চারদিক কালো ধোয়ায় অন্ধকার হয়ে গিয়েছিল।

ভেবিছিলাম দুই জনেই মরে যাব। বেঁচে আছি, এটা ভাবলে এখনও অবাক লাগছে।

আহতদের ব্যাপারে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. তাসনিয়া বলেন, “আহতেরা প্রত্যেকেই পদদলিত হয়েছে। আগুনে শরীর পুড়ে যাওয়ার ঘটনা নেই।