‘৩ বছরে আরো ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ’
আগামী ২০১৬ সালের মধ্যে আরো পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুরে চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৫৪তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, “১৯৯৬ সালে আমরা সরকার গঠনের সময় দেশে বিদ্যুৎ উৎপাদন ছিল ১ হাজার ৭০০ মেগাওয়াট। পাঁচ বছরে তা ৪ হাজার ৩০০ মেগাওয়াটে উন্নীত করি।
“অথচ এবার দায়িত্ব নিয়ে দেখি বিদ্যুৎ উৎপাদন কমে ৩ হাজার ২০০ মেগাওয়াটে নেমে গেছে।”
প্রধানমন্ত্রী বলেন, “আমরা ক্ষমতায় এসে দ্রুত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নিই।”
গত চার বছরে জাতীয় গ্রিডে ৩ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন দৈনিক উৎপাদন প্রায় সাড়ে ৬ হাজার মেগাওয়াট।
‘দারিদ্র্যকে একমাত্র শত্রু’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “বারবার অন্যের কাছে হাত পাততে চাই না। অন্যের কাছে ধার নেব আর তাদের সবক শুনতে হবে- এ অবস্থায় থাকতে চাই না। মুক্তিযুদ্ধে যদি বিজয় অর্জন করতে পারি, অর্থনৈতিক যুদ্ধে কেন পারব না।”
দেশের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডে অধিক মনোনিবেশ করতে প্রকৌশলীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “৪১ বছর আগে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু আমরা কেন পিছিয়ে? কারণ আমাদের ধারাবাহিক গণতন্ত্র ছিল না। গণতন্ত্র ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। এদেশে যখনই জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে তখনই উন্নতি হয়েছে। কিন্তু সেই সময়টা খুবই অল্প।”
এ সরকার চার বছরে দেশের যে উন্নতি করেছে তা এর আগের সাত বছরে অন্যরা করতে পারেনি বলে তিনি দাবি করেন।
চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার কেন ধসে পড়ল তা খুঁজে বের করতে প্রকৌশলীদের অনুরোধ করেন প্রধানমন্ত্রী।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে গুণগত মান রক্ষা করে টেকসই কাজের সেদিকে নজর দেয়ার আহবানও জানান তিনি।
অনুষ্ঠানে ৩১ জন প্রকৌশলীকে পিইঞ্জ সনদ এবং ৭০ জনকে এএমআইই সনদ প্রদান করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইইবির সভাপতি প্রকৌশলী নুরুল হুদা, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ হারুণ ও সাধারণ সম্পাদক এম এ রশিদ।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থান করে বেশ কয়েকটি প্রকল্প অনলাইনে উদ্বোধন করেন।
এগুলো হল- ফৌজদারহাট নার্সিং কলেজ, একইস্থানে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস জিজিজেস, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের উদ্বোধন এবং মা ও শিশু হাসপাতালের ৮৫০ শয্যার নতুন ভবনের ভিত্তিস্থাপন।
বিকালে রাঙ্গুনিয়ায় দুটি সরকারি জুট ও কার্পেট মিলের পুনরায় চালুর কার্যক্রম উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগের একটি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
