চলন্ত বাসে ধর্ষণ, আসামিদের স্বীকারোক্তি
মানিকগঞ্জে চলন্ত বাসে শ্রমিককে ধর্ষণের ঘটনায় আটক বাসচালক ও সহকারী দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার বিকালে মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ মো. মুজাহিদ-উল ইসলামের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন বাসচালক দিপু মিয়া ও তার সহকারী আবুল কাশেম।
জবানবন্দি শেষে তাদের জেল-হাজতে পাঠানো হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা সহিদুর রহমান জানান।
তদন্তের স্বার্থে তিনি এ ব্যাপারে আর কিছু জানাননি।
বৃহষ্পতিবার বিকালে ঢাকা-মানিকগঞ্জ রুটের শুভযাত্রা পরিবহনের একটি বাসে পোশাক শ্রমিককে (১৯) ধর্ষণ করে দুর্বৃত্তরা। পরে মেয়েটি নিজে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
আসামি কাসেম মানিকগঞ্জ সদরের ঘোনাপাড়া গ্রামের বিদু মিয়ার ছেলে এবং দিপু উপজেলার গুরকি গ্রামের আতরাফ হোসেনের ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, দুপুর দেড়টার দিকে মেয়েটি পাটুরিয়া যাওয়ার জন্য নবীনগর থেকে শুভযাত্রা পরিবহনের বাসটিতে ওঠেন। তিনি জানতেন না যে বাসটি পাটুরিয়া যাবে না।
মানিকগঞ্জ পৌঁছার পর বাসের সব যাত্রী নেমে গেলেও তিনি বসেছিলেন। তখন চালক ও সহকারী পাটুরিয়া ঘাটে পৌঁছে দেয়ার কথা বলে বাসটি চালাতে থাকে।
মামলায় আরো বলা হয়, চলন্ত গাড়িতে প্রথমে সহকারী কাশেম এবং পরে চালক দিপু মেয়েটিকে ধর্ষণ করে।
পরে বাস ঘুরিয়ে ওই তরুণীকে মানিকগঞ্জ সদরের মানরা সেতুর কাছে জোর নামিয়ে দেয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তার কাছে এ ধর্ষণের কথা শুনে স্থানীয় বাস শ্রমিকরা চালক দিপুকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়। পরে রাত সাড়ে ৮টার দিকে নবীনগর থেকে কাসেমকেও গ্রেপ্তার করে পুলিশ।
মানিকগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার তরুণী মানিকগঞ্জ সদর হাসপাতালে রয়েছেন।
