২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের বিচারও করতে হবে: শাহরিয়ার

একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের পাশাপাশি দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার দাবি করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 12:07 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

তিনি বলেন, “যে দলের রাজনীতি যুদ্ধাপরাধকে বৈধতা দেয় তাদেরও বিচার হতে হবে।”

শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শাহরিয়ার কবীর এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী একাত্তরে ‘পাকিস্তান রক্ষার’ নামে ‘সশস্ত্র বাহিনী’ তৈরির মাধ্যমে নিরস্ত্র বাঙালিদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া প্রথম রায়ে উল্লেখ করা হয়েছে।

২১ জানুয়ারি ঐতিহাসিক ওই রায়ে জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে ‘বাচ্চু রাজাকারকে’ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয় ট্রাইব্যুনাল-২।

শাহরিয়ার কবীর বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে জামায়াত যুক্ত ছিল এবং স্বপ্রণোদিত হয়েই তারা রাজাকার বাহিনী গঠন করেছিল। ‘বাচ্চু রাজাকারের’ ফাঁসির রায়ের পর্যবেক্ষণে তা উল্লেখ করা হয়েছে।

এ রায়ের ফলে যুদ্ধাপরাধী হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করা অনেক সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।

যুদ্ধাপরাদের অভিযোগে ট্রাইব্যুনালে বিচারাধীন ১০ আসামির রায় এ বছরের মধ্যে দেয়ার দাবি জানান ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি।

প্রথম রায়ে সন্তোষ প্রকাশ করে নির্মূল কমিটির এই নেতা বলেন, “পচাত্তর পরবর্তী সময় থেকে অপরাধ করে দায়মুক্তির যে সংস্কৃতি দেশে চালু করা হয়েছিল এ রায়ের মাধ্যমে আমরা তা থেকে বের হয়ে আসতে পেরেছি।”

যুদ্ধাপরাধের বিচার কাজে রসদ স্বল্পতা এবং নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের কাছে উদ্বেগ প্রকাশ করেন শাহরিয়ার কবীর।

মতবিনিময়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, জ্যেষ্ঠ সহ-সভাপতি রাশেদ রউফ, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী এবং কবি ও সাংবাদিক ওমর কায়সার বক্তব্য রাখেন।