২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুরুল ইসলামের কফিনে প্রধানমন্ত্রীর ফুল

প্রখ্যাত চিকিৎসক ও জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 07:35 AM

Updated : 26 Jul 2022, 02:59 PM

প্রধানমন্ত্রী শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান এবং নুরুল ইসলামের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পর সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা।

এরপর তিনি জাতীয় অধ্যাপকের আত্মার শান্তি কামনা করে ফাতিয়া পড়েন এবং মোনাজাত করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, সংসদ সদস্য অধাপক আব্দুল মান্নান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক নুরুল ইসলামকে দেশে ধূমপানবিরোধী আন্দোলনের পথিকৃৎ বলা হয়।

তামাকমুক্ত দেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি গড়ে তোলেন ‘আধূনিক’ (আমরা ধূমপান নিবারণ করি) সংগঠনটি।  

বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা যান অধ্যাপক নুরুল ইসলাম। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

নুরুল ইসলামের জন্ম ১৯২৮ সালের ১ এপ্রিল চট্টগ্রামে। ১৯৫১ সালে কলকাতা থেকে চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি নেন তিনি। পরে তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রি নেন।

অধ্যাপক নুরুল ইসলাম ১৯৬৫ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত পিজি হাসপাতালের (বর্তমানে বিএসএমএমইউ) অধ্যাপনা করেন। হাসপাতালের পরিচালকের দায়িত্বও পালন করেন তিনি।

তামাকের ক্ষতিকর দিক নিয়ে বহু লেখা রয়েছে নুরুল ইসলামের। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২৭টি। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন চিকিৎসা সাময়িকীতে তার প্রকাশিত নিবন্ধ শতাধিক।

কাজের স্বীকৃতি হিসেব অসংখ্য পদক ও সম্মাননা পান এই চিকিৎসক। ১৯৯৭ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন বরেণ্য এই চিকিৎসক ও সমাজসেবক।

শুক্রবার বঙ্গবন্ধু মেডিকেল ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তিনটি জানাজার পর রাতে এই চিকিৎসকের মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামের চন্দনাইশের মোহাম্মদপুর তার গ্রামের বাড়িতে।

শনিবার সকালে সেখান জানাযা শেষে চট্টগ্রামের জমিয়তুল ফলাহ মসজিদ এবং ইউএসটিসিতে আরো দুটি জানাজ হবে। পরে ইউএস ক্যাম্পাস প্রাঙ্গণেই স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে।