বরিশালে কলেজ ছাত্রের ‘আত্মহত্যা’
বরিশালের একটি ছাত্রাবাস থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র শরবিন্দু দাস (১৮) বৃহস্পতিবার সন্ধ্যার পরে ‘আত্মহত্যা’ করে থাকতে পারে বলে জানিয়েছে তার সহপাঠী আসিফ।
আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবাইল ফোন প্রেমিক তিথির সাথে দুপুরে কথা বলে শরবিন্দু। এ সময় বিয়ে নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
শরবিন্দু পিরোজপুরের ভাণ্ডারিয়া বাজার এলাকার সমরেন্দ্র দাসের ছেলে। নগরীর কালীবাড়ী রোড ১ম গলির ‘হুদা কুঠির’ নামের একটি মেসে থাকতো।
আসিফ আরো বলেন, সন্ধ্যার পর যেকোন সময় মেসের ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার পরিবারকে খবর দেয়া হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ।
