২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধারাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা বাড়ছে

প্রথম রায়ের পর আরো কয়েকটি মামলায় রায়ের সময় ঘনিয়ে আসার প্রেক্ষাপটে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গোলাম মুজতবা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 04:14 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

পরবর্তী রায়গুলোর আগে যে কোনো ‘অস্বস্তিকর’ পরিস্থিতি এড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে ট্রাইব্যুনালের নিবন্ধক এ কে এম নাসিরউদ্দিন জানিয়েছেন।

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে ২০১০ সালে পুরনো হাই কোর্ট ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ শুরুর পর থেকে বিভিন্ন সংগঠন নিরাপত্তার জোরদারের দাবি জানিয়ে আসছিল।

প্রায় তিন বছরের যাত্রায় গত ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেয়ার মধ্য দিয়ে রায় শুরু হয়।

আবুল কালাম আযাদ পলাতক থাকলেও পরবর্তী রায়ের অপেক্ষায় থাকা মামলার আসামি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা কারাগারে রয়েছেন।

এছাড়া কারাগারে থাকা জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল আলীমের মামলার শুনানিও শেষ পর্যায়ে রয়েছে।

এই রায়গুলোর আগেই নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেয়া হল। অর্থ মন্ত্রণালয় এজন্য ১ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

Image
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি মুলতবি

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি মুলতবি

নাসিরিউদ্দিন বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালকে বিশেষ নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলার কাজ শেষ হয়ে যাবে।”

ট্রাইব্যুনাল এলাকায় দুটি ‘স্থানান্তরযোগ্য’ পুলিশ ব্যারাক স্থাপন করা হচ্ছে। সেখানে ১২০ জন পুলিশ সদস্য স্থায়ীভাবে অবস্থান করবে।

পুরনো হাই কোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনাল এলাকাটির ঐতিহ্যগত গুরুত্ব থাকায় স্থানান্তরযোগ্য পুলিশ ব্যারাক তৈরি হচ্ছে বলে জানান নাসিরউদ্দিন।

ট্রাইব্যুনাল এলাকায় নতুন ১০টি সেন্ট্রি পোস্ট (পাহারা চৌকি), তিনটি গোলঘর (পুলিশ ছাউনী), গাড়ি তল্লাসির জন্য দুটি বারগেইট, দুটি আর্চওয়ে বসানোর কাজ চলছে।

এছাড়া ট্রাইব্যুনালের বিভিন্ন স্থান চোখে রাখতে ১৬টা উচ্চক্ষমতার সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এর দুটি মনিটর থাকবে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান এবং ট্রাইব্যুনাল-১ এর প্রশাসনিক কক্ষে।

এছাড়াও রাতে যেন ট্রাইব্যুনাল এলাকায় আলো থাকে, সেজন্য উচ্চক্ষমতার ১০টা ল্যাম্পপোস্ট বসানো হবে।

ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটর ও সাক্ষীদের নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভাপতি পুলিশ সদর দপ্তরের ডিআইজি বিনয় কৃষ্ণ বালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আবুল কালাম আযাদের ফাঁসির রায় ঘোষণার পর থেকে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

ট্রাইব্যুনালে ব্যারাক তৈরি হলে ২৪ ঘণ্টা সেখানে পুলিশ দায়িত্ব পালন করবে বলে তিনি জানান।

আযাদের রায় ঘোষণার পরপরই ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে বিশেষ দায়িত্ব পালন করতে দেখা যায়।

ট্রাইব্যুনালের প্রবেশ পথেই নাম নিবন্ধন করতে আইনজীবী, সাংবাদিকসহ সবাইকে। তারপর চলে দুই দফা পুলিশি তল্লাশি।