২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি ছাত্রলীগ নেতার সন্ধানে আল্টিমেটাম  

নিখোঁজ ছাত্রলীগ নেতাকে খুঁজে বের করতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 03:30 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

২১ জানুয়ারি ঢাকায় এসে নিখোঁজ হন ইবির ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবারে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছে ইবি ছাত্রলীগের নেতা-কর্মীরা।

পরে তাদের সাথে যোগ দেয় আইন বিভাগের অর্ধশত শিক্ষার্থী। বেলা ১১টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে তারা সড়ক অবরোধ করে রাখে।

সমাবেশে তারা ঘোষণা দেন, ২৪ ঘণ্টার মধ্যে সাইফুল ইসলামের খোঁজ না পাওয়া গেলে কঠোর আন্দোলন শুরু হবে।

গত সোমবার রাতে সাংগঠনিক কাজে ক্যাম্পাস থেকে ঢাকায় আসার পরের দিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের কারওয়ান বাজার কার‌্যালয়ে গিয়ে দেখা করেন সাইফুল। 

সেখান থেকে বাণিজ্যমেলা ও ধানমণ্ডি যাওয়ার পর ফার্মগেট এলাকায় যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানান তার বড় ভাই সাদ আলী।

সাদ বলেন, ২২ তারিখ রাত হতে তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।তার ব্যক্তিগত মোবইল নম্বরটিও বন্ধ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, নিখোঁজের বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি। তাকে উদ্ধারের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে বলে জানান ইবি থানার ওসি আতিয়ার রহমান।