বেনাপোলে বোমা বিস্ফোরণে আহত ৪
বেনাপোল রেলওয়ে স্টেশন মোড়ে এক পথচারীর ব্যাগে থাকা বোমা বিস্ফোরিত হয়ে চার পথচারী আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিস্ফোরিত বোমাটি ‘পাগল’ শামিম আহমেদ জুয়েলের (৪০) কাছে ছিলো বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
জুয়েল মানসিক ভারসাম্যহীন হিসেবে পরিচিত। ঘটনার পর তাকে আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ।
বিস্ফোরণে আহতরা পথচারীরা হলেন- রেজাউল (২৫), লাল্টু (২০), উজ্জল (৩০) ও বিল্লাল (২৪)।
বন্দর থানার এসআই আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাগলের ভাষ্য মতে বোমাটি সে আবর্জনার মধ্যে কুড়িয়ে পেয়েছিল। এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে একটি ব্যাগে ছেড়া কাগজপত্র ও ময়লা কাপড়-চোপড় নিয়ে জুয়েল চেকপোস্টের দিকে যাচ্ছিল। রেল স্টেশন রোডে আসলে এক ব্যক্তি তার ব্যাগে কী আছে জানতে চায়।
এ সময় সে ব্যাগটি রাস্তায় ছুঁড়ে ফেললে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়।
