দেশের কল্যাণে আরেকবার সুযোগ চাই: শেখ হাসিনা
সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গি মুক্ত বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার খুলনার সার্কিট হাউজ ময়দানে ভাষণে তিনি এ আহ্বান জানান।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের কল্যাণ হয়। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। তাই দেশের কল্যাণ চাইলে আরেকবার সুযোগ দিন।
বেলা ৩টা ৫৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৩৫ মিনিট ভাষণ দেন শেখ হাসিনা।
এর আগে বেলা ৩টার দিকে তিনি সার্কিট হাউজ ময়দানে পৌঁছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
৩৫ মিনিটের বক্তব্যে শেখ হাসিনা বর্তমান সরকারের বিভিন্ন সফলতা তুলে ধরার পাশাপাশি ক্ষমতায় গেলে অপূর্ণ থাকা কাজ শেষ করার প্রতিশ্রতি দেন।
প্রধানমন্ত্রী বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিপইয়ার্ডকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করার পর তা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। সরকারি বেসরকারি মিলিয়ে ৭৮ লাখ মানুষকে চাকরি দেয়া হয়েছে। অথচ বিএনপি সরকারের আমলে বিদ্যুতের বদলে খাম্বা দেয়া হয়েছিলো। বিদ্যুতের টাকা তারা লুটপাট করে খায়।”
বর্তমান সরকার বিদ্যুতের সেই ঘাটতি পূরণ করতে সফল হয়েছে বলে জানান আওয়ামী লীগ সভানেত্রী।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের মন দিয়ে লেখাপড়া করতে হবে। কারণ তোমরাই একদিন এদেশের নেতৃত্ব দেবে।”
জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ সরকার গঠন করায় মিয়ানমারের সঙ্গে আইনি লড়াই করে সমুদ্র বিজয় করতে পেরেছি। ২০১৪ সালে ভারতের সঙ্গেও আইনি লড়াইয়ে জিততে পারবো বলে আশা করছি।”
যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু এবং বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মাধ্যমে আমরা নির্বাচনী ওয়াদা পূরণ করেছি।”
বিএনপির সর্বশেষ সরকারের আমলের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “তখন খুলনা সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। তাদের আমলে সাংবাদিক হুমায়ূন কবীর বালু, মানিক চন্দ্র সাহা, হারুন-অর-রশীদসহ রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা করা হয়। বিএনপি মানেই সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান।”
খুলনাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “দৌলতপুর জুট মিল চালু করা হলো। খুলনা ওয়াসাকে ২ কোটি টাকা দেয়া হয়েছে সুপেয় পানি সরবরাহের জন্য। খুলনায় কৃষি বিশ্ববিদ্যালয় এবং আইটি ভিলেজ স্থাপন করা হবে।”
অন্যদের মধ্যে পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা প্রমুখ বক্তব্য দেন।
জনসভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম।
জনসভার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্কিট হাউজ মাঠে প্রতীকীভাবে শেখ আবু নাসের স্টেডিয়ামকে টেস্ট ভেন্যু হিসেবে উদ্বোধন করেন।
এ ছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য অদম্য বাংলা, মহিলা ক্রীড়া কমপ্লেক্সের হোস্টেল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ হল, দৌলতপুর জুট মিলের পুনঃচালুকরণ ও খুলনা মেডিকেল কলেজের শহীদ জননী জাহনারা ইমাম ছাত্রী হল উদ্বোধন করেন।
ভিত্তিপ্রস্তর স্থান করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী হল, খুলনা শিশু হাসপাতালের বিশেষায়িত নতুন ভবন ও খুলনা ওয়াসা ভবনের।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল ১০টা থেকে ঢাক-ঢোল বাদ্যযন্ত্রসহ মিছিল নিয়ে সার্কিট হাউজ ময়দানে হাজির হতে থাকেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। বেলা ১টার মধ্যে সার্কিট হাউজ ময়দান পূর্ণ হয়ে হাজী মুহসিন রোড, আহসান আহমেদ রোড, কোর্ট রোড, লোয়ার যশোর রোড, জেলখানা ঘাট এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
