২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় জামায়াত-শিবির কার্যালয়ে ‘জনতার’ আগুন

গাইবান্ধায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের পর বিক্ষুব্ধ জনতা দলটির কার্যালয় পুড়িয়ে দিয়েছে। সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 12:46 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বৃহস্পতিবার শহরের রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোড়ে।

সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান,  সকাল ১১টার দিকে শিবিরের নেতাকর্মীরা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের দাস বেকারি মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিবির নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে রেল স্টেশন এলাকায় যায়।

পুলিশ সেখানে বাধা দিলে শিবির কর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে তারা স্টেশনের প্লাটফর্মের দরজা, জানালা ভাঙচুর করে। এ সময় পুলিশের সঙ্গে সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়।

Image
800 Jamat-Shibir men sued in Sylhet

800 Jamat-Shibir men sued in Sylhet

পরে কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এদিকে শিবিরের ভাঙচুরের খবর শুনে কয়েকশ’ স্থানীয় জনতা তাদের তাড়া করে শহরের ডেভিড কোম্পানি পাড়ায় অবস্থিত শিবির ও জামায়াত অফিসে হামলা চালায়। এ সময় তারা দুটি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।

জেলা শিবিরের সভাপতি ফয়সাল কবীর অভিযোগ করেন, সারাদেশের শিক্ষা অঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং জেলা আমিরসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে তারা শহরে একটি মিছিল বের করেছিলেন।

এ সময় পুলিশের পাশাপাশি ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগের হামলায় তাদের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

তার অভিযোগ, স্থানীয় জনতা নয়, বরং ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা শিবির ও জামায়াত কার্যালয়ে হামলা, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

অবশ্য জামায়াত-শিবির কার্যালয়ে আগুন দেয়ার কথা অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউসুব জোয়াদ্দার।

তিনি বলেন, বিক্ষুদ্ধ জনগণ জামায়াত-শিবির কার্যালয়ে আগুন দিয়েছে।