২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে ‘হুমকির’ মামলায় মোশাররফের জামিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘প্রাণনাশের হুমকি ও মানহানির’ অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 12:40 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্যের পক্ষে জামিন চাওয়া হলে আদালত এক মাসের জামিন মঞ্জুর করে।

জামিনপ্রার্থীর পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী গত রোববার ঢাকার মহানগর হাকিম মো. মনিরুজ্জামানের আদালতে এ মামলা করেন।

শুনানি শেষে আগামী ১৭ ফেব্রুয়ারি খন্দকার মোশাররফকে হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত।

মামলায় অভিযোগ করা হয়, গত ৩১ ডিসেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন, “তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে ষড়যন্ত্রের মাধ্যমে আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে সরকার।

“এই প্রধানমন্ত্রীর বাবাও ১৯৭৫ সালে বাকশাল কায়েম করে ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তার সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি। দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে এ সরকারও যদি জোর করে ক্ষমতায় থাকতে চায় তাহলে ’৭৫ এর পরিণতি বরণ করতে হবে।”

বাদি অভিযোগ করেন, আসামির এ ধরনের বক্তব্য বিভিন্ন পত্র-পত্রিকায় ও মিডিয়াতে প্রকাশিত হওয়ায় দেশ-বিদেশে প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ কারণে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে শাস্তি দিতে আদালতের কাছে আবেদন করেন তিনি।