জাল রুপিসহ সাবেক সেনাসদস্য আটক
যশোরে ছয় লাখ ভারতীয় রুপির জাল নোটসহ সাবেক এক সেনাসদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটক তরিকুল ইসলাম যশোর শহরের পূর্ব বারান্দিপাড়া এলাকার আকরাম শিকদারের ছেলে।
বৃহস্পতিবার সকালে পূর্ব বারান্দিপাড়ায় নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয় বলে যশোর ডিবি পুলিশের ওসি শামীম মুসা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাড়ির সামনে থেকে তরিকুলকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি করে ছয় লাখ জাল রুপি উদ্ধার করা হয়।
ওসি জানান, সাত বছর আগে সেনাবাহিনীর নায়েক থাকা অবস্থায় চাকরি থেকে অবসর নেন তরিকুল। অবসরের আগে তিনি চট্টগ্রামে কর্মরত ছিলেন।
