পার্শেল সার্ভিসের চুরি যাওয়া টাকাসহ গ্রেপ্তার ২
দেড়মাস আগে পার্শেল সার্ভিসের কভার্ড ভ্যান থেকে চুরি হওয়া প্রায় ২৪ লাখ টাকাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার মধ্যরাতে সাভারের ফুলবাড়িয়ার একটি বাসা থেকে আনোয়ার হোসেন (৩৫) ও আলী আহমেদকে (৩৪) নামের ওই দুই জনকে গ্রেপ্তার করা হয় । এদের মধ্যে আনোয়ার ওই কভার্ড ভ্যানের চালক।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১২ ডিসেম্বর ‘এস এ পরিবহনের’ ওই কভার্ড ভ্যানটি মিরপুর থেকে কাকরাইল যাওয়ার পথে রাস্তায় এই চুরির ঘটনা ঘটে।
“আনোয়ার তার সহকারীকে কৌশলে সরিয়ে দিয়ে আলী আহমেদসহ অন্য সহযোগীদের নিয়ে ভ্যানে থাকা ৩৮ লাখ টাকা ও আড়াই ভরি সোনার গহনা লুটে নিয়ে পালিয়ে যায়।
এর মধ্যে ১১ লাখ টাকা দিয়ে তারা একটি মিনিবাস কেনে বলে জানায় মশিউর জানান। গ্রেপ্তারের সময় ২৩ লাখ ৫০ হাজার টাকার সঙ্গে মিনিবাসটিও উদ্ধার করে পুলিশ।
