২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 06:15 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-সিরাজদিখান সড়কের রসুনীয়া বেইলি সেতুর নিচ থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সিরাজদিখান  থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের  মাথায়  তিনটি  গুলির চিহ্ন রয়েছে।এছাড়া  তার গলায় একটি গামছা দিয়ে ফাঁস লাগানো ছিলো। তার পরনে  কালো রঙের গ্যাবাডিন প্যান্ট ও ছাই রঙের গেঞ্জি রয়েছে।

“হত্যার পরে রাতে কোনো এক সময় লাশটি ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।”

ওসি জানান, এ ব্যাপারে  পুলিশ বাদি  হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো  কেউ  গ্রেপ্তার হয়নি।

এছাড়া সকালে উপজেলার শিয়ালদি গ্রামে নিজ বাড়ির লিচু গাছ থেকে আল আমিন (৩৫) নামের এক জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওসি মাহবুবুর রহমান জানান, মোকলেছ চৌকিদারের ছেলে আল আমিনের দুই সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, “বাবার সঙ্গে অভিমান করে আল আমিন আত্মহত্যা করে থাকতে পারে।”

ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিরাদিখান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।