নারায়ণগঞ্জে পেপার মিলের গুদামে আগুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি পেপার মিলের গুদামে বুধবার রাতে আগুন লাগে। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়।
তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার রাতে উপজেলার মদনপুর কেওঢালা এলাকায় গাজীপুর পেপার মিলের গুদামে এই অগ্নিকাণ্ড হয় বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই খন্দকার নাজমুল আলম সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ৭টার দিকে মিলের গুদামে আগুন লাগে। মুহূর্তে এর লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বন্দর ও ডেমরা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কেএম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
