৫০ হাজার নারী শ্রমিক নেবে হংকং
বাংলাদেশ থেকে ৫০ হাজার নারী শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে হংকং।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতিমধ্যে হংকং সরকার ৫০ হাজার নারী শ্রমিক বাংলাদেশ থেকে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে।”
হংকং কোন চাহিদাপত্র পাঠিয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের মধ্যে আলোচনা চলছে। আশা করছি খুব শীঘ্রই তারা ডিমান্ড লেটার পাঠাবে।”
তিনি জানান, জি টু জি পদ্ধতিতে মালয়শিয়ার মতোই সারাদেশে নিবন্ধনের মাধ্যমে লটারি করে হংকংয়ে নারী শ্রমিক পাঠানো হবে।তবে তা চুক্তির উপর নির্ভর করবে।
বুধবার বিকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে লটারির মাধ্যমে মালয়শিয়া যেতে নিবন্ধনকারীদের মধ্যে প্রথম ধাপে ১১ হাজার ৭৫৮ জন নির্বাচিত করা হয়।
এই কর্মীরা আগামী মার্চের প্রথম সপ্তাহে মালয়শিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।
