সুবীর হত্যা মামলার ৪ আসামি রিমান্ডে
ঢাকার আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুবীর দাস হত্যা মামলায় চার সহপাঠীকে দুই দিন রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত।
ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ওয়াসিম শেখ বুধবার এ আদেশ দেন।
রিমান্ডে পাঠানো চার জন হলেন- মহায়মিনুল আহমেদ ফয়সাল ওরফে সেতু (২২), ইউসুফ আলী (২১), লুৎফা আক্তার সনি (২১) ও তার স্বামী শফিক আহম্মেদ রবিন (২৫)।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আমীনুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল আদালতকে বলেন, আসামিরা কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে সুবীর দাসকে হত্যা করে। পরে তার লাশ সাভারের ভাকুর্তা এলাকার তুরাগ নদীতে ফেলে দেয়।
শুনানি শেষে বিচারক আসামিদের দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
গত ১২ জানুয়ারি সুবীর সাভার উপজেলা কোয়ার্টারের বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় সুবীরের বাবা গৌরঙ্গ চন্দ্র দাস বাদী হয়ে সাভার থানায় একটি হত্যা মামলা করেন।
