২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্রামীণ ব্যাংক ধ্বংসের ফাঁদ ইউনূসের’

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসই প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার সব ব্যবস্থা করে গেছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 03:58 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।

Image
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, “এটা ইউনূস সাহেব আটকে রেখেছেন। উনি যাকে পছন্দ করেন, তাকেই দেবেন।”

আইনি লড়াইয়ে হারার পর ২০১১ সালের মে মাসে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে সরে দাঁড়ান শান্তিতে নোবেলজয়ী ইউনূস। এরপর পদটিতে নিয়োগ দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে একটি সাব-কমিটি করা হয়।

তবে আদালতে সাব-কমিটির বিরুদ্ধে মামলা হওয়ায় তার কার্যক্রম থেমে আছে।

মুহিত বলেন, “উনি (ইউনূস) মামলা করে এমডি নিয়োগ বন্ধ করে রেখেছেন। ব্যাংকটিকে ধ্বংস করার সব ব্যবস্থা করে গিয়েছেন। এরচেয়ে বড় ধ্বংসাত্মক পদক্ষেপ আর কোনো ব্যক্তি নিতে পারবেন না।”

“যিনিই প্রতিষ্ঠাতা তিনিই ধ্বংসকারী। উনি (ইউনূস) দখল করে বসে আছেন। কাউকে কাজ করতে দেবেন না।”

১৯৮৩ সালে একটি সামরিক অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা হওয়ার পর থেকেই মুহাম্মদ ইউনূস এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে ২০১১ সালে তার পদে থাকা নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্রীয় ব্যাংক। ওই বছর মার্চে কেন্দ্রীয় ব্যাংক যখন ইউনূসকে অব্যাহতি দেয়, তখন তার বয়স প্রায় ৭১ বছর।

ইউনূস নিজেও সরকারের পদক্ষেপ মানতে নারাজ ছিলেন। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েও শেষ পর‌্যন্ত হেরে যান তিনি।