২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমের বস্তুনিষ্ঠতার উপর গুরুত্ব আরোপ প্রধান বিচারপতির

দেশের গণমাধ্যমে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 02:40 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার টিএসসি অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণমাধ্যমের মুদ্রণ ও ইলেকট্রনিক উভয় শাখায়ই প্রকাশনার সংখ্যা যেমন জ্যামিতিক হারে বেড়েছে, তেমনি বেড়েছে পাঠকসংখ্যা। কিন্তু গণমাধ্যমে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার চর্চা সেই হারে বেড়েছে কি-না সেটা অনুসন্ধান করে দেখতে হবে।”

‘বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার ৫০বছর’ শীর্ষক এ আলোচনা সভার পাশাপাশি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মো. মোজাম্মেল হোসেন এ প্রসঙ্গে উল্লেখ করেন যে, গণমাধ্যমের সাহসী ও গণমুখী ভূমিকা স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামকে সমৃদ্ধ ও বিজয়কে ত্বরান্বিত করেছিল। জাতি কৃতজ্ঞচিত্তে ন্যায় ও সত্যনিষ্ঠভাবে সংবাদ পরিবেশনকারী প্রথিতযশা প্রয়াত গণমাধ্যম ব্যক্তিত্বদের স্মরণ করে।

দেশে গণতন্ত্রের বিকাশে সংবাদমাধ্যম ভূমিকা রাখছে মন্তব্য করে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রীয় নীতি নির্ধারণ ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনমতের প্রতিফলন গণতান্ত্রিক সংস্কৃতির অপরিহার্য অঙ্গ।

“জনমত গঠন ও প্রকাশে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।”

দেশের সংবিধানে চিন্তা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেয়া হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি আরো বলেন, “বাংলাদেশ সুপ্রিম কোর্ট ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি আইন ও সংবিধানের আলোকে সংবেদনশীল।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “১৬ কোটি মানুষের এদেশে গণমাধ্যমই গণতন্ত্রকে সুরক্ষিত করে রাখবে। দেশের গণতন্ত্র যখনই বাধাগ্রস্ত হয়েছে, তখনই গণমাধ্যম জনমত তৈরি করে সে বাধা দূর করতে সহায়তা করেছে।” 

প্রবীণ সাংবাদিক এবিএম মুসা বলেন, “আমরা যখন সাংবাদিকতা শুরু করেছিলাম তখন এটা ছিল মিশন। পরে এটা হয়ে যায় প্রফেশন। এখন সাংবাদিকতা ব্যবসার ক্ষেত্র। সংবাদ সের দরে বিক্রি হচ্ছে।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আখতার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ, বিভাগের শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান, অধ্যাপক গোলাম রহমান, বিদায়ী শিক্ষার্থী সুলাইমান নিলয়, নবীন শিক্ষার্থী নুজায়রা তারান্নুম ও তাহসিন।

সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় তিনব্যাপী অনুষ্ঠানমালা।