২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি ছাত্রলীগ নেতা নিখোঁজ

ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলশাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম নিখোঁজ হয়েছেন বলে স্বজন ও সহকর্মীরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

এর প্রতিবাদে বুধবার বিকালে ঘণ্টাব্যাপী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। এরপর একটি সমাবেশ করেন তারা।

সমাবেশে বঙ্গবন্ধু হলের সাংগঠনিক সম্পাদক মো. শিশির ইসলাম বাবু বলেন, গত ২১ জানুয়ারি রাতে সাংগঠনিক কাজে ক্যাম্পাস থেকে ঢাকা যান সাইফুল। সেখানে ২২ জানুয়ারি তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের কারওয়ান বাজার অফিসে যান। সেখান থেকে বাণিজ্য মেলা ও ধানমন্ডি হয়ে ফার্মগেটে যাওয়ার পর তাকে আর ফোনে পাওয়া যায়নি।

নতুন কমিটিতে সাইফুলের অবস্থান নিয়ে ঈর্ষান্বিত কোনো কুচক্রী মহল সড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

সমাবেশে থেকে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে সাইফুলকে পাওয়া না গেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।

সাইফুলের ভাই সাদ আলী বলেন, সাইফুল ঢাকায়  গিয়েছিল। ২২ জানুয়ারি রাত থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

ইবি থানার ওসি আতিয়ার রহমান বলেন, সাইফুল নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, “নিখোঁজের বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। তাকে উদ্ধারের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”