২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে আন্দোলন: তদন্ত কমিটি গঠন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের প্রধান অধ্যাপক নজরুল ইসলামের অপসারণ দাবির ঘটনা তদন্তে কমিটি করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 12:57 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

এদিকে বুধবার শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো বিভাগে তালা দিয়ে অবস্থান ধর্মঘট করেছেন।

বিভাগটির শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুধবার এই কমিটি করা হয় বলে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. সালেহ উদ্দিন নিশ্চিত করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন সদস্যের কমিটির প্রধান হলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শামসুল আলম।

অন্য দুই সদস্য হলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শরীফ মোহাম্মদ শরাফ উদ্দিন।

অধ্যাপক শামসুল আলম বলেন, কমিটি ইতোমধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা শুরু করেছে। যত দ্রুত সম্ভব ঘটনার তদন্ত করে প্রতিবেদন দেয়া হবে।

অধ্যাপক নজরুল ইসলাম ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধানের পাশাপশি স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ডিন হিসেবে কর্মরত আছেন। এ দুটি পদ থেকে তার অপসারণ দাবি করছেন শিক্ষার্থীরা।

এ অধ্যাপকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি, সেমিস্টার ফাইনাল পরীক্ষায় বিলম্ব, শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দাপ্তরিক কাজে অনুপস্থিতি, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধাসহ বিভিন্ন অভিযোগে গত রোববার উপাচার্যের কাছে স্মারকলিপি দেন এই শিক্ষার্থীরা।

সোমবার দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন করেন তারা। মঙ্গলবার বিভাগে তালা ঝোলান।