চট্টগ্রামে ১৮ দলের গণসংযোগ
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চট্টগ্রামে গণসংযোগ করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
বুধবার বন্দর নগরী চট্টগ্রামের অক্সিজেন, কদমতলী ও কর্নেল হাট এলাকায় দলের নেতারা গণসংযোগ করেন।
বিকালে কদমতলী মোড়ে জনসংযোগ পরবর্তী সমাবেশে চট্টগ্রাম নগর বিএনপি’র সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের অবিচার, অন্যায়, লুটপাট, দখল, টেন্ডারবাজি চাঁদাবাজির কারণে জনগণ তাদের বিদায় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারও জনগণের এ সিদ্ধান্ত বুঝতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না, তাদের ভরাডুবি হবে। তা বুঝতে পেরেই তারা ভোট চুরি করতে মাস্তানি ও প্রশাসনকে ব্যবহার করে দলীয় সরকারের অধীনে নিার্বচন করতে চায়।
তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, সম্মানের সাথে বিদায় নিতে চাইলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপিনেতা এ এম নজিম উদ্দিন, জামায়াতে ইসলামীর নগর আমীর আ ন ম শামসুল ইসলাম প্রমুখ।
এর আগে সকালে অক্সিজেন মোড়ে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কিমিটির সদস্য এম কে আনোয়ার। এ সময় বিএনপির দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এছাড়া বিকালে নগরীর কর্নেল হাট মোড়ে ১৮ দলীয় জোটের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পৃথক পথসভা ও প্রচারপত্র বিতরণ করা হয়।
