২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শীর্ষ যুদ্ধাপরাধীদের রায় কার্যকরে আশাবাদী’

সরকার এ  মেয়াদেই শীর্ষ কয়েকজন যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকরে আশাবাদী বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 12:29 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বুধবার দুপুরে মাগুরায় জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলে তিনি।

কামরুল ইসলাম আরো বলেন, “দেশের জনগণ বিশেষ করে নতুন প্রজন্মই যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করবে।”

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায়ে আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তার বিরুদ্ধে প্রসিকিউশনের আটটি অভিযোগের মধ্যে সাতটিই আদালতে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরো যে ১১ জনের বিচার চলছে তার মধ্যে নয় জনই বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর নেতা।

এ রায়ের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিএনপি নেতা তরিকুল ইসলাম বলেন, রাজনৈতিক অভিলাশ নিয়ে একটি বিশেষ দলকে (জামায়াত ইসলামী)শায়েস্তা করার জন্য এ বিচার হলে জনগণ মেনে নেবে না।

তরিকুলের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আইন প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “জাতি এ প্রশ্নের উত্তর জানে। কারণ গোলাম আজম, নিজামী, মুজাহিদ, সাইদী, কাদের মোল্লা, আব্দুল আলীম, সাকা চৌধুরী কিংবা বাচ্চু রাজাকার এরা একাত্তর সালে হত্যা, নারী নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধ করেছে। জাতি তা ভুলে যায়নি।”

এছাড়া জেলা পর্যায়ে ট্রাইবুনাল গঠনের বিষয়ে সরকার এখনই কিছু ভাবছে না, তবে শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ হওয়ার পর পর্যায়ক্রমে সরকার এ বিষয়ে উদ্যোগ নেবে বলেও তিনি জানান।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সাংসদ এম এস আকবর, সাংসদ বীরেন শিকদার,  আইন সচিব জহুরুল হক দুলাল, জেলা প্রশাসক মাসুদ আহমেদ, জেলা ও দায়রা জজ সত্যেন্দ্রনাথ ঘোষ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।