পুলিশের পিকআপ চাপায় সাংবাদিক আহত
ফরিদপুরের মধুখালী উপজেলায় পুলিশের পিকআপ চাপায় এক সাংবাদিক আহত হয়েছেন।
বুধবার সকালে মধুখালী রেলগেট এলাকায় এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা আধাঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে।
আহত শাহ মো. ফারুক দৈনিক ইত্তেফাকের মধুখালী উপজেলা প্রতিনিধি। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এবং পরে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক অপূর্ব কান্তি বিশ্বাস বলেন, ফারুকের দুই পা ও কোমরে আঘাত লেগেছে।
আহত ফারুক জানান, সকাল সাড়ে ৯টার দিকে রেলগেট এলাকায় যাত্রীবাহী এক পিকআপ চালকের কাছ থেকে মধুখালী হাইওয়ে পুলিশের একটি দল টাকা নেওয়ার সময় স্থানীয় জনতা তাদের ঘেরাও করে ।
“এ সময় আমি সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে যাই। তখন পুলিশের পিকআপ ভ্যানটি সেখান থেকে দ্রুত পালানোর সময় আমাকে চাপা দেয়,” বলেন আহত ফারুক।
তবে হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোতালেব শেখ দাবি করেন, যাত্রীবাহী পিকআপটি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ সেটিকে ধাওয়া করে আটক করে। এ সময় জনতার সঙ্গে হাইওয়ে পুলিশের বাদানুবাদ হয়।
“উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে পুলিশের পিকআপটি দ্রুত সেখান থেকে আসার সময় সাংবাদিক ফারুকের গায়ে ধাক্কা লাগে,” যোগ করেন এএসআই।
মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
