২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ৪০ সরকারি কার্যালয়ে ই-সেবা চালু

যশোরের আরো ৪০টি সরকারি কার্যালয়ে বুধবার থেকে অনলাইনে কার্যক্রম বা ই-সেবা চালু হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 11:27 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় এবং ইউনিয়ন পর্যায়ে তথ্য সেবা কেন্দ্রগুলোতেই এ কার্যক্রম সীমাবদ্ধ ছিল।

জেলা প্রশাসন জানিয়েছে, বুধবার থেকে পুলিশ বিভাগ, শিক্ষাবোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এলজিইডি, পাসপোর্ট অফিস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয় ই- সেবার আওতায় এসেছে।

জেলা প্রশাসক (ডিসি) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ‘ডিজিটাল যশোর’ উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় জেলার ৪০টি সরকারি কার্যালয়ে ওয়েব পোর্টাল তৈরির কাজ শেষ হয়েছে। বুধবার থেকেই এসব কার্যালয়ে ই-সেবা চালু করা হচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, যশোরের সকল সরকারি অফিসের ওয়েব পোর্টাল চালুর পর সারাদেশে এ কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে।

যশোরের অভিজ্ঞতার আলোকে সারাদেশের সরকারি অফিসে ২৫ হাজার ওয়েব পোর্টাল চালু করা হবে বলে জানান সচিব।

সরকার তৃণমূল পর্যায়ে ই-সেবা পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় ২০১০ সালে সারাদেশের ৯১টি ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র চালু করে।

পরবর্তীতে ২০১১ সালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ই-সেবা কেন্দ্র চালু করা হয়।