দুই বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁও সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বুধবার হরিপুর উপজেলার ডাবরি থেকে একজনকে ও মঙ্গলবার বালিয়াডাঙ্গীর হরিণমারী সীমান্ত থেকে আরেকজনকে ধরে নিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে।
এরা হলেন হরিপুর উপজেলার মানিকহারি গ্রামের সাইফুল্লাহর ছেলে আব্দুল খলিল ও বালিয়াডাঙ্গীর হরিণমারী গ্রামের আব্দুর রশীদের ছেলে আশরাফুল হক।
বিজিবির ঠাকুরগাঁও ৩০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হলেও আটক বাংলাদেশিদের ফেরত দেয়নি বিএসএফ।
হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ডাবরি সীমান্তে খলিল নিজ জমিতে কৃষি কাজ করছিলেন। এ সময় সীমান্তের ৩৬৭/২ এস পিলারের ১৫০ গজ ভেতরে ঢুকে ভারতীয় ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ টহল দলের সদস্যরা তাকে নিয়ে যায়।
বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকরাম হোসেন জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজ জমিতে কৃষি কাজ করার সময় ভারতের ১৪ ভেলাগাছি বিএসএফ ক্যাম্পের টহল দল ৩৮৩/৫ এস সাব পিলারের কাছ আশরাফুলকে থেকে নিয়ে যায়।
লে. কর্নেল তৌহিদুল ইসলাম জানান, খলিলকে ছাড়িয়ে আনতে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া আশরাফুলকে আটকের ঘটনায় ওইদিনই বেলা ১১ টায় বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।
