ইডেন ছাত্রীকে অ্যাসিড: গ্রেপ্তারে সময় পেল পুলিশ
ইডেন কলেজ ছাত্রীকে অ্যাসিডে ঝলসে দেয়ার ঘটনায় আসামি মনির উদ্দিন ও মাসুমকে গ্রেপ্তারে আরো ৪৮ ঘণ্টা সময় পেল পুলিশ।
বংশাল থানা পুলিশের একটি প্রতিবেদন উপস্থাপনের পর বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এই আদেশ দেয়।
তাদের গ্রেপ্তারে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা দিতে র্যাবের মহাপরিচালক ও ডিবির যুগ্ম কমিশনারকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এর আগে এই আসামিদের গ্রেপ্তারে পুলিশকে ৪৮ ঘণ্টা সময় সময় দেয় হাই কোর্ট। ওই আদেশ বাস্তবায়ন না হওয়ায় দুপুরে তাৎক্ষণিকভাবে মো. আবুল হাসানকে তলব করে আদালত। দুপুরের পরে তিনি হাজির হয়ে আদালতে প্রতিবেদন দেন।
পুলিশের বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো.আবুল হাসানের দাখিল করা ওই প্রতিবেদনে বলা হয়, আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যে কোন সময় গ্রেপ্তার হতে পারে।
শুনানিতে আদালত তার কাছে জানতে চায়, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আসামি আছে কি না। জবাবে তিনি বলেন, না সূচক জবাব দেন।
শুনানির পর আদালত উপরোক্ত নির্দেশ দিয়ে তদন্ত কর্মকর্তাকে উদ্দেশ্যে করে বলেন, ৪৮ ঘণ্টা পার হয়েছে। আরো ৪৮ ঘণ্টা সময় দিলাম। এরপরে একই ধরনের কথা আমি আর শুনবো না।
গত রোববার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আদালতে এ আবেদনটি দায়ের করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
গত ১৫ জানুয়ারি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ইডেন কলেজের এক ছাত্রীর শরীরে ছুরি মারার পর তাকে অ্যাসিডে ঝলসে দেয় তার দুই ‘বন্ধু’ মনির ও মাসুম। চাঁনখারপুল কাজী অফিসের ভেতরে ওই ঘটনা ঘটে।
ওই ছাত্রীর মুখ ও ডান হাত অ্যাসিডে ঝলসে গেছে। তার হাতে, পায়ে ও পিঠে ছুরিকাঘাতের মোট পাঁচটি চিহ্ন পেয়েছে পুলিশ।
এ ঘটনায় এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন সংশ্লিষ্ট কাজী।
