এবার রাজপথে এমপিওভুক্ত শিক্ষকরা
এমপিও বহির্ভূত শিক্ষকদের পর এবার আন্দোলনে নেমেছে এমপিওভুক্ত শিক্ষকরা, তাদের দাবি- চাকরি জাতীয়করণ।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরুর পর দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
এমপিওভুক্তির দাবিতে এই মাসের শুরুতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় এমপিও বহির্ভূত শিক্ষকরা। আন্দোলনের এক পর্যায়ে সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেয়া হয়।
নন এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের সংস্থান পুরোপুরিই বেসরকারিভাবে হয়। এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ দেয় সরকার।
ননএমপিও শিক্ষকরা দাবি পূরণের আশ্বাস পেয়ে ঘরে ফেরার এক সপ্তাহের মধ্যে রাজপথে নামল এমপিওভুক্ত শিক্ষকরা।
বেসরকারি কয়েক হাজার শিক্ষক সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে আছেন। তারা রাতেও থাকবেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
তিনি বিকালে সমাবেশে বক্তব্যে বলেন, “চাকরি জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত আমরা রাজপথে থাকব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠ থেকে কেউ যাবেন না।”
“সামনে নির্বাচন আসছে। শিক্ষকরাই প্রিসাইটিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। জাতীয়করণ না দিলে আমরা এসব দায়িত্ব পালন করব না,” হুমকি দেন তিনি।
দাবি আদায় না হলে আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষকের দায়িত্বও পালন না করার হুমকি দেন এই শিক্ষক নেতা।
শিক্ষকদের এই অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে।”
তিনি বলেন, এই সরকার শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন না জানিয়ে তাদের প্রতি বৈষম্য করছে। কিন্তু শিক্ষকদের কোনো আন্দোলনই ব্যর্থ হয় না। এই আন্দোলনও ব্যর্থ হবে না।
এর আগে দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অভিযোগ করেন, জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের রাজনৈতিক উদ্দেশ্য আছে।
সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করায় প্রেসক্লাবের আশেপাশের এলাকায় সকাল থেকেই তীব্র যানজট রয়েছে। পুলিশ-র্যাব সদস্যরাও প্রেসক্লাব এলাকায় অবস্থান নিয়েছে।
চাকরি জাতীয়করণের দাবিতে গত ১০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দেশের প্রায় ২৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষক-কর্মচারীরা লাগাতার ধর্মঘট পালন করেন।
২২ জানুয়ারির মধ্যে চাকরি জাতীয়করণের কোনো ঘোষণা না এলে ২৩ জানুয়ারি ঢাকায় মহা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
শিক্ষকদের এই কর্মসূচি শুরুরে একদিন আগেই সরকার এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ১০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং চিকিৎসা ভাতা ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার ঘোষণা দেয়।
তবে ওই ঘোষণা প্রত্যাখ্যান করে চাকরি জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান।
শিক্ষানীতি বাস্তবায়িত হলে সাড়ে তিন লাখ শিক্ষককের চাকরি চলে যাবে দাবি করে তিনি বলেন, “আমরা এই শিক্ষানীতি চাই না।”
বেসকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য গঠিত অবসর সুবিধা বোর্ডে অনিয়ম হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
