২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল মেডিকেলে ক্লাস বন্ধ

বাংলাদেশ ছাত্রলীগ এবং হলের ছাত্রীদের মুখোমুখি অবস্থানের কারণে বরিশাল শের-এ-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) দুই দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 02:54 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

এদিকে কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে ছাত্রলীগ মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

পরে বরিশালের সিটি মেয়র শওকত হোসেন হিরন পুলিশ নিয়ে তাকে বের করে আনেন।

ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছাত্রীদের অভিযোগ, রোববার মধ্যরাতে ছাত্রী হলে গিয়ে কলেজ ছাত্র কল্যাণ পরিষদের ভিপি আবু তালিব আব্দুল্লাহ মারুফ ও প্রো-ভিপি আবুল বাকি একাধিক ছাত্রীকে চলে যেতে বলেন। এর জেরে সোমবার সকাল থেকে ক্লাস বন্ধ রয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার ছাত্রলীগ এবং ছাত্রীরা পৃথক মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে।

ছাত্রী নিবাসের প্রধান ফটকে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রীরা অভিযোগ করেন, ছাত্রলীগের ভয়ে তারা হলের বাইরে যেতে সাহস পাচ্ছেন না।

সংবাদ সম্মেলনে আশা শতাধিক ছাত্রীর সবার মুখ কাপড়ে ঢাকা ছিল।

ছাত্রলীগের ভয়ে আতংকিত বলে তারা মুখ ঢেকে রেখেছেন এবং সোমবারের মতো মঙ্গলবারেও ক্লাস করা সম্ভব হয়নি বলে জানান তারা।

ভিপি ও প্রোভিপির বিচার, হোস্টেল সেক্রেটারি ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ ও নিরাপত্তাসহ ১০ দফা দাবিতে ছাত্রীরা অনির্দিষ্টকালের ক্লাস বর্জন শুরু করেন।

এদিকে ছাত্রলীগ নেতাদের অভিযোগ, ছাত্রী হলে অবস্থানরত সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্রশিবিরের কর্মীরা হলের সাধারণ ছাত্রীদের জিম্মি করে রেখেছে।

এই আন্দোলনে ইন্ধন দিচ্ছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক মণীষা চক্রবর্তী এবং যুগ্ন আহ্বায়ক (অধ্যক্ষের মেয়ে) নাবিলা।

তাই শিবির ও ছাত্রফ্রন্টের ছাত্রীদের হল থেকে বের করে দেয়া এবং অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তার কার্যালয়ে তালা দেয়া হয়।

এ ব্যাপারে অধ্যক্ষ অধ্যাপক শহীদুল আলম বলেন, পুরো ঘটনার তদন্তে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিচার করা হবে।