অপহরণের পর দিন গড়াচ্ছে, মুক্তিপণের টাকাও বাড়ছে
ছয় দিন আগে পুরান ঢাকার আদালত পাড়া থেকে অপহৃত কিশোরগঞ্জের এক ব্যক্তির সন্ধান এখনো দিতে পারেনি পুলিশ।
অপহৃত আরিফুজ্জামান খান শরীফের পরিবারের সদস্যরা জানিয়েছেন, অপহরণের পর মুক্তিপণ চেয়ে শরীফের মোবাইল থেকেই তাদের ফোন করা হচ্ছে।
বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হলেও মঙ্গলবার তা বাড়িয়ে ১৫ লাখ টাকা দাবি করা হচ্ছে, বলেছেন শরীফের বড় ভাই আনিসুজ্জামান খান।
মঙ্গলবার ঢাকার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আনিসুজ্জামান সাংবাদিকদের বলেন, “ফোনে শরীফের কান্নার শব্দ শুনিয়ে টাকা চাওয়া হচ্ছে।”
শরীফের (৩৫) বাড়ি তাড়াইল উপজেলার রাউতি গ্রামে। অপহরণের পরদিন ১৮ জানুয়ারি তার বড় ভাই আনিসুজ্জামান ঢাকার কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি বলেন,গত ১৭ জানুয়ারি বিকাল ৩টায় ঢাকার জেলা প্রশাসক ভবনের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে শরীফকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় কয়েকজন।
আনিসুজ্জামান জানান, পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে শরীফের চিকিৎসার জন্য সেদিনই তারা দুজন ঢাকায় আসেন। আদালতে নিজের একটি কাজ সেরে বিকাল ৩টার দিকে জেলা প্রশাসক ভবনের সামনে তিনি তার ছোট ভাইকে নিজের পকেট থেকে ৩৬ হাজার টাকা দেন।
“এসময় হঠাৎ ৫/৬ জনের একটি দল আমাদের ঘিরে ধরে। ধমক ও গালিগালাজ করে তারা বলে যে, শরীফের নামে মামলা রয়েছে। তাকে আমাদের সঙ্গে ডিবি অফিসে যেতে হবে।”
এরপরই ওই ব্যক্তিরা শরীফকে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায় বলে জানান আনিসুজ্জামান।
তিনি আরো বলেন, এর পর থেকেই অপহরণকারীরা তার ছোট ভাইয়ের মোবাইল ফোন (নম্বর ০১৭৭৮২৮২০৬৭) থেকে কল করে তার পরিবারকে টাকা নিয়ে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যেতে বলছে।
মুক্তিপণের টাকা না দিলে মিথ্যা মামলা দেয়াসহ অপহৃতকে তারা হত্যার হুমকিও দিচ্ছে বলে জানান তিনি।
আনিসুজ্জামান ২০ জানুয়ারি মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেলে জনসংযোগ শাখা থেকে এধরনের কোনো ঘটনার সঙ্গে তারা জড়িত নয় বলে তাকে জানানো হয়।
এঘটনায় সাধারণ ডায়েরির বিষয়ে অনুসন্ধানের দায়িত্বপ্রাপ্ত কোতোয়ালি থানার উপ-পরিদর্শক গোলাম রসুল মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি এখনো অপহৃতের কোনো হদিস পাননি।
জিডি দাখিলকারীকে তার সঙ্গে থানায় দেখা করার জন্য এ প্রতিবেদককে অনুরোধ করেন এসআই গোলাম রসুল।
