গাজীপুরে পিটুনি: মামলায় আসামি ৫শ’
গাজীপুরে ছেলেধরা সন্দেহে পিটুনিতে দুই জন নিহতের ঘটনায় পুলিশ পাঁচশ’ জনের বিরুদ্ধে মামলা করেছে।
সোমবার রাতে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম।
সোমবার সদর উপজেলায় এলাকাবাসীর পিটুনিতে অজ্ঞাত পরিচয় এক নারী (৩৬) ও এক যুবকের (৩৫) মৃত্যু হয়। এর আগে শনিবার কালিয়াকৈর উপজেলায় ছেলেধরা সন্দেহে এক বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে (৩৫) পিটিয়ে হত্যা করা হয়।
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. গোলাম মোস্তফা বলেন, সকালে কোনাবাড়ি আনসার বিল্ডিংয়ের সামনে এক নারীকে এলাকাবাসী তাকে পিটুনি দিয়ে তার কাপড়-চোপড়ে আগুন দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
একইদিন সকালে কোনাবাড়ি এনটিকেসি পোশাক কারখানার সামনে এলাকাবাসী এক যুবককে পিটুনি দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে শনিবার দুপুরে কালিয়াকৈরের সিনাবহ এলাকায় পিটুনীতে নিহত হন মর্জিনা আক্তার (৩৫)। মর্জিনা হত্যার ঘটনায় আগেই মামলা হয়েছে।
