কুষ্টিয়ায় হরতালে গাড়ি ভাংচুর, আগুন
নেতাকর্মীদের জামিন নাকচের প্রতিবাদে কুষ্টিয়ায় ডাকা বিএনপির দিনব্যাপী হরতালে ভাংচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে শহরের এন এস রোডের দলীয় কার্যালয়ের সামনে হরতাল সমর্থকরা টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করে।
পরে সকাল ১১টায় পিকেটিংয়ের সময় পুলিশ লাইনের সামনে হরতাল সমর্থকরা একটি ট্রাক ভাংচুর করে বলে জানান সদর মডেল থানার ওসি সৈয়দ রবিউল ইসলাম।
তিনি বলেন, এ সময় পুলিশ দুই পিকেটারকে আটক করে। পরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত তাদের ২৫ দিনের জেল দেয়।
দণ্ডিতরা হলেন কুমারখালী উপজেলার বড়ইচারা গ্রামের মির্জা মিল্টনের ছেলে টিংকু (১৮) এবং শহরের এন এস রোডের আমলাপাড়া এলাকার শামসুর রহমানের ছেলে এস এম আশরাফুল ইসলাম (৩৫)।
ওসি আরো জানান, হরতাল সমর্থকরা সকালে শহরের এন এস রোডে একটি অটোরিকশায় আগুন দেয়। এরপর মজমপুর, এন এস রোড, বড় বাজার এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
হরতাল চলাকালে শহরের অধিকাংশ দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।
কুষ্টিয়া শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
এছাড়া কুমারখালী, ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর উপজেলা ও ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় ঢিলেঢালা হরতাল পালিত হচ্ছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
গত সোমবার হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনসহ ১৩ নেতাকর্মী কুষ্টিয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আশরাফুল ইসলামের আদালতে পুনরায় জামিনের আবেদন করেন।
আদালত জামিন আবেদন নামঞ্জুর করে নেতাকর্মীদের জেল-হাজতে পাঠায়। এ ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি মঙ্গলবার কুষ্টিয়ায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
গত বছর ১০ ডিসেম্বর কুষ্টিয়া শহরে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় ১৮ বিএনপি নেতাকর্মীর নামোল্লেখসহ অজ্ঞাত আরো চার-পাঁচশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন মডেল থানার এস আই আরিফ হোসেন। ১৩ ডিসেম্বর নেতাকর্মীরা হাই কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন।
