২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল

হত্যা, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ বন্ধে যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি ও বিএসএফ আনুষ্ঠানিকভাবে যৌথ টহল শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 09:48 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

পুটখালি পশ্চিমপাড়ার ১১৮ আর বি পিলারের কাছে সোমবার দুপুরে যৌথসভা শেষে এ টহল শুরু হয়। এ সময় দু’দেশের জোয়ানরা একে অপরকে মিষ্টিমুখ করান।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি খুলনা-২৩ ব্যাটালিয়নের পুটখালি বিজিবি কমান্ডার ফয়েক উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশি জোয়ানরা এবং অপরদিকে ভারতের আংরাইল বিএসএফ ক্যাম্প কমান্ডার সাব-ইন্সপেক্টর গনেশ প্রসাদের নেতৃত্বে সদস্যরা টহলে অংশ নেন।

ফয়েক উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যৌথ টহলে দু’দেশের মোট ১৪ জোয়ান অংশ নিয়েছে। সারাদেশেই নিয়মিত এ যৌথ টহল হবে। এজন্য দুই বাহিনীর পক্ষ থেকে রোস্টার করা হয়েছে।

সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে বিজিবি। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রায় পাঁচ বছর আগে দুই দেশের নীতি-নির্ধারণী পর্যায়ে বিজিবি-বিএসএফ যৌথ টহলের সিদ্ধান্ত নেয়।

কিন্তু তা আর আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়নি। বিভিন্ন সময়ে সীমান্তে বাংলাদেশি হত্যা ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ ও  সমালোচনা করে দেশি-বিদেশি বিভিন্ন  মানববাধিকার সংস্থা।

অবশেষে দুই বাহিনীর সদরদপ্তর থেকে সীমান্তে নিরাপত্তা বাড়াতে ও শান্তি-শৃংঙ্খলা ফিরিয়ে আনতে যৌথ টহলের নির্দেশনা আসে, বলেন বিজিবি কর্মকর্তা।