২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার প্রিমিয়ার ব্যাংক কমকর্তা পুলিশ হেফাজতে

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল শাখার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 06:54 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

গ্রেপ্তার মুহাম্মদ শাহীনুর রহমান ওই ব্যাংকের সাবেক ব্যবস্থাপক।

সোমবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নুর এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) বি এম ফরমান আলী এদিন আসামিকে আদালতে হাজির করেন। একইসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত চেয়ে আবেদন করেন।

হেফাজতের  আবেদনে বলা হয়, ব্যাংকের আত্মসাত করা বিপুল পরিমাণ অর্থ উদ্ধার ও ঘটনার মূল তথ্য, উপাত্ত, রহস্য উদঘাটন ও মামলার এজাহার নামীয় অপর আসামিদের গ্রেপ্তার করতে এই আসামিকে হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আসামি দায়িত্বশীল কর্মকর্তা হিসাবে ওই ব্যাংকে কর্মরত থাকাকালীন ব্যাংকের নিয়মনীতি অমান্য করে প্রত্যক্ষভাবে জড়িত থেকে অপর আসামিদের সহযোগিতায় জালিয়াতির মাধ্যমে বিভিন্ন কাগজপত্র তৈরি করে প্রতিষ্ঠানের সর্বমোট ৬৯ কোটি ১৫ লাখ ৪৭ হাজার ৪২৯ টাকা আত্মসাত করেন বলে মামলায় অভিযোগ আনা হয়।

গত রোববার বাদী হয়ে প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল শাখার বর্তমান ব্যবস্থাপক এ কে এম ইদ্রিস আলী ফকির মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।