সাভারে ছাত্রী ধর্ষণ: মূল আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সাভারে কলেজছাত্রী ধর্ষণ মামলার মূল আসামি জাহেদ ওরফে রাজু ওরফে জাহিদুল ইসলাম আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত তার জবানবন্দি গ্রহণ করেন ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়বুল হাসান।
সোমবার রাতে বরগুনার তালতলি এলাকা থেকে জাহেদকে (২২) গ্রেপ্তার করা হয়।
পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে জাহেদকে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদন করেন।
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জাহেদ বলেছে, এই কলেজছাত্রীর সঙ্গে তার প্রেম ছিল। তাদের মধ্যে কয়েকবার শারীরিক সম্পর্কও স্থাপিত হয়েছিল। এসবই ঘটে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির একটি মেসে।
আদালতের অতিরিক্ত পিপি আনায়ারুল কবির বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
ওই মেসে একজনের কম্পউটার ছিল। মেয়েটি যেন বিয়ের প্রস্তাব প্রত্যাখান না করতে পারে সেজন্য গত বছরের ২৫ নভেম্বর জাহেদ নিজেই তাদের অন্তরঙ্গ মেলামেশার দৃশ্যের ভিডিও ধারণ করেন বলে আদালতে স্বীকার করেন। ভিডিও ধারণে ওই ছাত্রীর আপত্তি ছিল বলেও সে জানায়।
গত বছরের ২৫ নভেম্বর সকালে সিঙ্গাইর ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রীকে (১৮) পরীক্ষা আছে বলে ডেকে নিয়ে যায় তারই সহপাঠী বান্ধবী সূচী ওরফে লিজা।
পরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির একটি মেসে ঢুকিয়ে দিয়ে চলে যান। এরপর ওই মেসে থাকা জাহেদ ওরফে রাজু তাকে ধর্ষণ করে।
এ সময় তার চিৎকার শোনা না যাওয়ার জন্য তারা ফুল ভলিউমে কম্পিউটারে গান ছেড়ে দেয়। আর ধর্ষণের চিত্র ক্যামেরায় ধারন করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মেয়েটির পরিবারে কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করার অভিযোগ উঠে।
এ ঘটনায় গত ৩ জানুয়ারি কলেজছাত্রীর মা সাভার মডেল থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা করেন।
পরে পুলিশ সাভার ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে। উদ্ধার করে ধর্ষণের ভিডিও চিত্রের সিডি।
গ্রেপ্তার ও এজাহারভুক্ত পলাতক আসামিদের বেশিরভাগই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী। তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু বলেও পুলিশ জানায়।
