কাজল মোল্লা আওয়ামী লীগের কেউ নন: রিমি
গাজীপুরের কাপাসিয়ার গৃহকর্মী নির্যাতনের হোতা কাজল মোল্লার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন সাংসদ সিমিন হোসেন রিমি।
বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজলকে এই সাংসদের এপিএস উল্লেখ করার পরিপ্রেক্ষিতে তিনি সোমবার কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, কাজল মোল্লা তার এপিএস নন এবং আওয়ামী লীগেরও কেউ নন। তিনি কাউকে এপিএস হিসেবে নিয়োগ দেননি।
তিনি মেয়েটির নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি চান বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়ার সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক আমানত হোসেন খান, প্রমুখ।
আড়াই মাস আগে কাজল মোল্লার ঢাকার মিরপুরের বাসায় কাজ করতে যান মেয়েটি। এরপর থেকে সেখানে কাজল ও তার স্ত্রী মেয়েটিকে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে হাই কোর্টের আদেশে সোমবার মেয়েটিকে আদালতে হাজির করা হয়। হাই কোর্ট তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে হস্তান্তরের নির্দেশ দিয়েছে।
