বাঁশখালীতে আ.লীগের সংঘর্ষ, আহত ১৫
চট্টগ্রামের বাঁশখালী পৌর সদরে আওয়াম লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
সোমবার বিকাল চারটার দিকে বাঁশখালী পৌর সদরে আওয়ামী লীগের সাবেক সাংসদ সুলতানুল কবীর চৌধুরী ও আগামী সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী আবদুল্লাহ কবীর লিটন সমর্থিত নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে উপজেলা ভূমি অফিসের মাঠে সুলতানুল কবীরের সমর্থকরা বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের ব্যানারে সমাবেশ করছিলেন। এর অদূরে পৌরসভা অফিস সংলগ্ন ধানক্ষেতে সমাবেশের আয়োজন করেন লিটনের অনুসারীরা।
সমাবেশ চলাকালে লিটনের সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় অপর পক্ষের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বেঁধে যায়।
বাঁশখালী থানার ওসি আবদুস সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক পক্ষ মিছিল নিয়ে অপর পক্ষের সমাবেশের দিকে যাওয়ার সময় এ সংঘর্ষ হয়।
তিনি জানান, উভয়পক্ষ পরস্পরের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহতের সংখ্যা সুনির্দিষ্ট করে বলতে পারেননি ওসি সবুর।
তবে স্থানীয় সাংবাদিকরা জানান, দুইপক্ষের সংঘর্ষে ১৫ থেকে ২০ জন কর্মী আহত হয়েছেন।
উভয়পক্ষই সম্প্রতি নিহত দক্ষিণ জেলা ছাত্রলীগের আহবায়ক আবদুল মালেক জনি হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে।
