২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাচ্চু রাজাকারের মৃত্যুদণ্ডে জেলায় জেলায় আনন্দ

মানবতাবিরোধী অপরাধে বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ে নিজ জেলা ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 03:16 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

সোমবার দুপুরে আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রায়ের খবর ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সিলেট ও খুলনা, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, রাজবাড়ী, মাগুরা, জামালপুর ও শেরপুরে আনন্দ মিছিল করে।

চার দশক আগে বাঙালি জাতির মুক্তির সংগ্রামকে দমাতে ব্যাপক গণহত্যা, খুন, ধর্ষণ, লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদের ফাঁসির আদেশ হয়।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ গত বছর ২ সেপ্টেম্বর আযাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যাতে লুট, ধর্ষণ, হত্যা, গণহত্যা ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।

আযাদ পলাতক থাকায় এবং বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় গত ৭ অক্টোবর ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম চালিয়ে নেয়ার নির্দেশ দেয়।