২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 02:36 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

যার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে তিনি চবি ছাত্রলীগের সহ-সম্পাদক মিজানুর রহমান মীনু।

সোমবার সকালে চবি কলা অনুষদের ডিন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভর্তিচ্ছু শিক্ষার্থী রাহাত হোসেন।

রাহাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ১১ টার দিকে আমি চারুকলা ইনস্টিটিউটে ভর্তির জন্য মৌখিক পরীক্ষায় দিতে যাই।

“এ সময় মীনুসহ কয়েকজন ছাত্র এসে আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এবং তা না দিলে পরীক্ষায় অংশ নিতে না দেয়ারও হুমকি দেয় তারা।”

রাহাত তার সঙ্গে থাকা ছাত্র ফেডারেশন নেতা আজিম উদ্দিন খানকে বিষয়টি জানালে তিনি এর প্রতিবাদ করেন।এসময় মীনুসহ অন্যরা আজিমকে পিটিয়ে আহত করে বলেও দাবি করেন এই শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদা দাবির লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ অভিযোগের বিষয়ে মিজানুর রহমান মীনুর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

অবশ্য চবি ছাত্রলীগ সভাপতি মামুনুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগযোগ করা হলে তিনি ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে রয়েছেন উল্লেখ করে জানান, এ অভিযোগ তিনি চট্টগ্রাম এসে খতিয়ে দেখবেন।

এতে অন্য কোনো পক্ষের ‘ইন্ধন’ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে জানিয়ে তিনি আরো বলেন, “এমনটি হওয়ার কথা নয়। যদি এমন হত তাহলে ভর্তিচ্ছু সাড়ে তিন হাজার শিক্ষার্থীর কাছে টাকা চাওয়া হত, এক জনের কাছ থেকে নয়।”