ভোমরায় ধর্মঘটের তৃতীয় দিন
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সোমবার তৃতীয় দিনের মতো আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
দশ চাকার পণ্যবাহী ট্রাক বন্দরে ঢুকতে বাধা দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার এক বৈঠকে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ও ভারতের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন।
ধর্মঘটের ফলে শনিবার থেকে ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম অভিযোগ করেন, ভোমরার জিরো লাইনে অবস্থিত ব্রিজটি খারাপ দেখিয়ে দীর্ঘদিন ভারতের ১০/১২ চাকার মাল বোঝাই গাড়ি বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না ভারতের ঘোজাডাঙ্গার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। পশ্চিমবঙ্গ সরকার বিষয়টি সমাধান না করায় ভারতের ঘোজাডাঙ্গা ও বাংলাদেশের ভোমরা বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
ব্যবসায়ীদের দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে বলেও জানান তিনি।
এদিকে ধর্মঘটের তিনদিন পেরিয়ে গেলেও এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি বলে তিনি অভিযোগ করেন।
