২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 01:09 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রোববার রাতে বাড়ির পাশের একটি মেহগনি গাছে ওড়না দিয়ে ঝোলানো অবস্থায় কানিজ ফাতেমার লাশ পাওয়া যায়।

মাঝবাড়ি ইউনিয়ন ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণির ছাত্রী ফাতেমা কোটালীপাড়ার টুপুরিয়া গ্রামের আসলাম শেখের মেয়ে।

সোমবার গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে কোটালীপাড়া থানার ওসি মো. তোতা মিয়া বলেন, ওই ছাত্রীর মোবাইলে কথা বলার ঘটনা সৎ মা কাজলী বেগম বাবা ও চাচাকে বলে দেয়ার কথা বললে সে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ মৃত্যু নিয়ে অভিযোগ উঠায় ময়নাতদন্ত করা হয়েছে।

কিন্তু ময়নাতদন্তে কারণ নিশ্চিত হওয়া যায়নি। তাই ভিসেরা পরীক্ষা করা হবে। এর প্রতিবেদন পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে, বলেন ওসি।

এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও তিনি জানান।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নিয়াজ আহম্মেদ বলেছেন, ময়নাতদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত হতে না পারায় ভিসেরা পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী সাংবাদিকদের বলেন, মেয়েটির সৎ মা কাজলী বেগম ও চাচারা মিলে তাকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে।

মেয়েটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তারা।