ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কনভেনশন শুরু হচ্ছে
আগামী ২৩ জানুয়ারি থেকে চট্টগ্রামে ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৫৪তম কনভেনশন শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ জানুয়ারি ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ।
সোমবার সকালে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সাত দিনব্যাপী এ কনভেনশনে সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দেশ বিদেশের তিন হাজার প্রকৌশলীর কনভেনশনে অংশ নেয়ার কথা রয়েছে।
কনভেনশনের সমাপনী দিন ২৮ জানুয়ারি বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী, প্রকৌশলী এম এ রশীদ, কনভেনশনের প্রচার কমিটির সদস্য সচিব প্রকৌশলী শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
