২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে শিশু হত্যা: গ্রেপ্তার ৬ জন পুলিশ হেফাজতে

পল্টনে বাণিজ্যিক ভবনে শিশু হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 11:21 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

সোমবার মহানগর হাকিম অমিত কুমার দে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার সাত দিন পুলিশ হেফাজতের আবেদন করেন।  সোমবার এর শুনানি হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিম বিশ্বাস, গোলাম মোস্তফা, নজরুল ইসলাম, নুরুল ইসলাম, শাহাবুদ্দিন এবং ইস্কানদার আলী। ওই হত্যার ঘটনায় শিশুটির মা নূরজাহান বেগম রোববার একটি হত্যা মামলা করেছেন।

শনিবার দুপুরে পুরানা পল্টন মোড়ের বাণিজ্যিক ভবন ট্রপিকানা টাওয়ারের চতুর্থ তলার একটি টয়লেট থেকে রিতু আক্তার নামে ১১ বছরের ওই শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়। শিশুটি ওই ভবনের ট্রাভেল এজেন্সির কয়েকজন কর্মীকে রান্না করা খাবার পৌঁছে দিত।

নূরুল, শাহাবুদ্দিন, ইস্কান্দারের পক্ষে হেফাজতের আবেদন বাতিল করে জামিন চান অ্যাডভোকেট আমিনুল গনি টিটো।

টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদেরকে এখনো হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।

হেফাজতের আবেদনে বলা হয়, কারা কারা রিতু হত্যায় জড়িত রয়েছে তাদের খুঁজে বের করতে আসামিদের হেফজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।