২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৩টি দুর্ঘটনায় নিহত ৪ 

সিরাজগঞ্জে তিনটি সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ চার জন নিহত এবং অন্তত চার জন আহত হয়েছে। 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 10:58 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

পুলিশ জানিয়েছে, দুটি দুর্ঘটনা হয়েছে সোমবার এবং একটি হয়েছে রোববার সন্ধ্যায়।

বেলকুচি থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে সিরাজগঞ্জ-বেলকুচি সড়কের নাগগাঁতিতে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় শিশু শফিকুল ইসলামের (৫) মৃত্যু হয়।

শফিকুল নাগগাঁতী গ্রামের আখতার হোসেনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপর দেড়টার দিকে নাটোর-বনপাড়া সড়কে সলঙ্গা থানার গোজাব্রিজের কাছে একটি মাইক্রোবাস খাদে পড়ে দুইজন নিহত এবং ও অন্তত চার জন আহত হয়েছে।

নওগাঁর মহাদেবপুর থেকে ঢাকাগামী মাইক্রোবাসটি একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

নিহতরা হলেন সলঙ্গার নন্দকোশা গ্রামের আব্দুল মজিদ (৪০) ও মাইক্রোবাস যাত্রী নওগাঁর মহাদেবপুরের কন্দুয়া গ্রামের নুরুল ইসলাম (৮২)।

আহত অবস্থায় নুরুল ইসলামের স্ত্রী নারগিস বেগম, ভাগ্নে শাহিন (৪০), মাইক্রোবাস চালক আবুবক্কর সিদ্দিক (৪০) ও অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল আরোহীকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে ভ্যান চালকের লাশ পরিবারের লোকেরা নিয়ে গেছে এবং মাইক্রোবাস যাত্রীর লাশ থানা হেফাজতে রয়েছে।

হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ বলেন, রোববার সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের চান্দাইকোনায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় আহত হন গৃহবধূ পপি খাতুন (২৫)।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার সকালে তার মৃত্যু হয়।

পপি রায়গঞ্জ উপজেলার কোদালকান্দি গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।