২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আযাদের ফাঁসির আদেশে গ্লানি মোচনের শুরু’

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার এতদিন না হওয়ায় জাতির যে আত্মগ্লানি ছিল, সেই অপরাধের প্রথম রায়ের মধ্যদিয়ে তা মোচনের শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম আমীর উল ইসলাম।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 09:57 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদের ফাঁসির আদেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে তিনি এই মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধের শুরুতে ভারত যাওয়ার পথে জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের সঙ্গী আমীর বলেন, “১৯৭১ সালে বাংলাদেশে পৃথিবীর জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ হয়। এই রায়ের মাধ্যমে তার গ্লানি মোচন শুরু হয়েছে।

“এটি আমাদের মৌলিক মূল্যবোধের পুণঃস্থাপনের একটি ধাপ। কোনো অপরাধীর বিচার না হয়ে থাকবে না, এটা আবার প্রমাণিত হল। এর মাধ্যমে ৩০ লাখ শহীদের আত্মা স্বস্তি পাবে।”

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় সম্পর্কে‍ এই আইনজীবী বলেন, “এটা কোনো প্রতিশোধ নয়, প্রতিষেধক। এটা দেশে বিভিন্ন সময়ে সংগঠিত হত্যা, জঙ্গিবাদ, মানবতাবিরোধী অপরাধের প্রতিষেধক হিসাবে কাজ করবে এবং এগুলো প্রশমিত হবে।”

রায়ে সন্তোষ প্রকাশ করে বঙ্গবন্ধু ও চার নেতা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রতীক্ষার আংশিক অবসান হয়েছে। আমরা আনন্দিত। এই ঐতিহাসিক মুহূর্তে আমি বঙ্গবন্ধুসহ ৩০ লাখ শহীদকে স্মরণ করছি।”

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জেড আই খান পান্না বলেন, “একটা অপরাধের শাস্তি হয়েছে। এর জন্য আমি আনন্দিত। স্বাধীনতার পরে আমরা এই অপরাধীদের বিচার নিজ হাতেই করতে পারতাম।

“কিন্তু সেটা না করে আইনের দিকে তাকিয়ে ছিলাম। আজ তার ফল আসতে শুরু করেছে।”

পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এফ এম মেজবাহ উদ্দিন বলেন, “একটি অপরাধের বিচার করার মাধ্যমে বিশ্বের কাছে আমাদের মাথা উঁচু হয়েছে। সুষ্ঠু এই বিচারের মাধ্যমে মানবতা ও সভ্যতার জয় হয়েছে।”

“এখানে আরো অনেকের বিচার চলছে। সবারই একই ধরনের শাস্তি হোক- তা আমরা চাই,” বলেন তিনি।