মুন্সীগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে।
নিহত দূর্গা রানী ঘোষ (৩৩) উপজেলার কুচিয়ামোড়া গ্রামের গোপাল ঘোষের স্ত্রী। গোপাল সিরাজদিখান বাজারে একটি মিষ্টির দোকানে কাজ করেন।
সিরাজদিখান থানার ওসি শেখ মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দূর্গার স্বামীসহ পরিবারের লোকজন রোববার একটি মামলায় সাক্ষ্য দিতে মুন্সীগঞ্জ আদালতে যান।
বিকালে দূর্গা বাড়িতে একা থাকা অবস্থায় প্রতিবেশি প্রতিপক্ষের লোকজন তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে তার স্বামী অভিযোগ করেছেন।
ঘটনার পরে অগ্নিদগ্ধ দূর্গাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
ওসি বলেন, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে তার স্ত্রীর গায়ে আগুন দেয়া হয়েছে বলে গোপাল ঘোষ অভিযোগ করেছেন। এ ঘটনায় রাতেই সিরাজদিখান থানায় একটি মামলা হয়েছে।
মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এ এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
